নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম রাজন এক সাক্ষাতকারে নান্দাইলকে একটি পূর্ণাঙ্গ জেলায় উন্নীত করার জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, নান্দাইলের সামগ্রিক উন্নয়ন এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ভারসাম্যপূর্ণ অগ্রগতির জন্য এটি এখন সময়ের দাবি।
আশিকিন আলম রাজন তার বক্তব্যে উল্লেখ করেন, নান্দাইলের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, ঐতিহাসিক গুরুত্ব এবং অর্থনৈতিক সম্ভাবনা এটিকে জেলায় রূপান্তরিত করার জন্য সম্পূর্ণ উপযুক্ত।
তিনি আরও বলেন, “নান্দাইলকে জেলায় উন্নীত করা হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ঘটবে, যা সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাহায্য করবে। এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং কৃষিভিত্তিক অর্থনীতির আরও বিকাশ ঘটবে।”
সাক্ষাতকারে নান্দাইলের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে নান্দাইলের জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এবং পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাবে এখানকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। জেলা ঘোষণার মাধ্যমে এই বঞ্চনার অবসান হবে এবং নান্দাইলের পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।”
এনসিপি নেতা আশিকিন আলম রাজন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ” শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নান্দাইলকে জেলায় রূপান্তরিত করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। আমরা বিশ্বাস করি, সরকার এই যৌক্তিক দাবিটি বিবেচনা করবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”
তারুণ্যদীপ্ত নেতা আশিকিন আলম রাজন দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে নান্দাইলকে জেলায় উন্নীত করা হলে এটি শুধু নান্দাইলের জন্যই নয়, সমগ্র ময়মনসিংহ বিভাগের জন্য একটি ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

