আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি গ্রামে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। দীর্ঘ ১৪ বছর ধরে এ প্রথা অনুসরণ করে আসছেন উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামের বাসিন্দারা।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টায় কলাদিয়া গ্রামের হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) জামে মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নারীরাও পর্দা বজায় রেখে পৃথকভাবে জামাতে শরিক হন।
স্থানীয়রা জানান, ২০১২ সাল থেকে কলাদিয়া গ্রামসহ আশপাশের এলাকার প্রায় দুই শতাধিক মুসলিম সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপন করে আসছেন।
এরই ধারাবাহিকতায় এবারও তারা দেশের প্রচলিত সময়ের একদিন আগেই ঈদুল ফিতর পালন করেছেন।
গ্রামের বাসিন্দা মো. রহিম উদ্দিন বলেন, “আমরা ২০১২ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করছি। এবারও গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন সম্পন্ন হয়েছে।”
ঈদের জামাতে ইমামতি করেন ময়মনসিংহের মাওলানা শায়খ মাসুম। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় এ আগাম ঈদ উদযাপন।


