নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সৎ বাবার ধর্ষণের শিকার হয়ে ১৬ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরী তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্ত সৎ বাবা আব্দুল হেকিমকে (৬০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (৩রা এপ্রিল) বিকেলে উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আব্দুল হেকিম একই উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত এশা ব্যাপারীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের স্ত্রী জনৈক্যার স্বামী আব্দুল হেকিম। বিয়ের পর থেকে হেকিম নিয়মিত এই বাড়িতে যাতায়াত করতেন। এরই সুযোগে প্রথম স্বামীর বাকপ্রতিবন্ধী মেয়েটিকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন তিনি। গত দুইদিন আগে মেয়েটির শারীরিক অবস্থার পরিণতি দেখে মেডিকেল পরীক্ষা করা হলে অন্তস্বত্তার বিষয়টি সামনে আসে। এ ব্যাপারে মেয়েটিকে তাঁর জিজ্ঞাসা করলে প্রতিবন্ধী মেয়েটি ইশারা-ইঙ্গিতে তাঁর সৎ বাবার লালসার শিকারের বর্ণনা দেয়। পরে বিষয়টি প্রতিবেশীদের অবগত করলে শুক্রবার বিকেলে আব্দুল হেকিম ওই বাড়িতে এলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

