নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহে তথ্য ও প্রযুক্তির প্রসারে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। শনিবার (৪ঠা এপ্রিল) ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।
ময়মনসিংহের শিকারীকান্দায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাত তলা বিশিষ্ট আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, “বর্তমান সরকারের আমলে তথ্য ও প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন শুরু হয়েছে। ৬৪টি জেলা পর্যায়ে ৬৪টি আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে এবং এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে ২৬টি জেলা পর্যায়ে তথ্য কমপ্লেক্স নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। তবে সর্বপ্রথম ময়মনসিংহে তথ্য কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। আমরা পর্যায়ক্রমে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও চারটি কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করা হবে। শুধু তাই নয়, উপজেলা পর্যায়েও তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য বরাদ্দ প্রদানে সংসদে উত্থাপান করা হবে।
এছাড়া তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন সরকার গঠন করলাম, এরপূর্বে আমরা জনগণের কাছে গিয়েছিলাম কিছু নির্বাচনী ইশতিহার নিয়ে, উন্নয়নের কথা বলে। জনগণ আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে নির্বাচিত করেছে। ফলে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পেরেছি। রাষ্ট্র গঠনের পর আমরা দেখতে পেলাম, উন্নয়নের নামে যেসমস্ত প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন হয়নি।সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঠিক তথ্য মানুষের নিকট পৌঁছানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছেন। তাই উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সরকারের পাশে থেকে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানাই।
জানা যায়, প্রকল্পটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তর বাস্তবায়ন করছে। আর ভবনটির নির্মাণ কাজ পরিচালনা করছে ময়মনসিংহ গণপূর্ত বিভাগ। আধুনিক এই কমপ্লেক্সে তথ্য কেন্দ্র, সুপরিসর মিলনায়তন এবং প্রশাসনিক দপ্তরের পাশাপাশি উন্নত প্রযুক্তির নানা সুযোগ-সুবিধা থাকবে বলে জানানো হয়েছে। এ তথ্য কমপ্লেক্সটি নির্মিত হলে ময়মনসিংহ অঞ্চলের সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঠিক তথ্য পৌঁছানো আরও সহজ ও দ্রুততর হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরীর সাথে তথ্য সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল, জেলা প্রশাসক সাইফুর রহমানসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণপূর্ত বিভাগের প্রকৌশলীগণ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১৯ কোটি টাকা। ১৮ মাসে কমপ্লেক্সটি নির্মাণ কাজ শেষ হবে।


