নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে ২০২৬ সালের ইমার্জেন্সি এমআর (হাম-রুবেলা) ভ্যাকসিন ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ক্যাম্পেইনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে এই টিকাদান কার্যক্রম চলবে। কর্মসূচি চলাকালীন উপজেলার ৩১৩টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রে শিশুদের টিকা প্রদান করা হবে।
এবারের ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৩০৫ জন শিশুকে। শিশুদের সংক্রামক ব্যাধি হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে ডা. শামীমা সুলতানা বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে এমআর ভ্যাকসিনের গুরুত্ব অপরিসীম। আমরা লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিটি শিশুর কাছে পৌঁছাতে চাই। এ কাজে শিক্ষক, অভিভাবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহযোগিতা প্রয়োজন।”
উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবককে তাদের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

