আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া কৃষক সিরাজ উদ্দিন মোড়ল (৬৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় দুই দিন পর রোববার (১২ জুলাই) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিরাজ উদ্দিন মোড়ল পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দিন মোড়লের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল ইসলাম জানান, রোববার সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার বরমি এলাকা থেকে মরদেহ উদ্ধারের খবর পান তারা। পরে নিহতের স্বজনরা সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে সিরাজ উদ্দিন মোড়ল নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে নিজের জমিতে কৃষিকাজ করতে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর তীরে তার নৌকাটি পাওয়া গেলেও তিনি নিখোঁজ ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
অবশেষে রোববার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি এলাকায় ব্রহ্মপুত্র নদে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।
![]()

