নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে তিন দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলাসহ কিশোরগঞ্জ ও জামালপুর জেলা সফরে আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি, সুশাসন ও আইনশৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ মতবিনিময় এবং তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সফরসূচি নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা থেকে সড়কপথে ময়মনসিংহের নান্দাইলের উদ্দেশ্যে রওনা হবেন প্রতিমন্ত্রী। বেলা ১১:৩০টায় নান্দাইলের নিজ বাসভবন ‘বাহাদুরপুর হাউজ’-এ পৌঁছানোর পর তিনি স্থানীয় মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন। দুপুরে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বিকাল ৫টায় নান্দাইলের কালিগঞ্জ বাজার ব্রিজ অ্যাপ্রচ সড়ক মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই দিন সন্ধ্যায় নান্দাইল উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।
পরদিন শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাহাদুরপুর হাউজে স্থানীয় জনসাধারণের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন তিনি। দুপুরে সামাজিক অনুষ্ঠান শেষে বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে যোগদান করবেন। সেখান থেকে ফিরে নান্দাইলের সিংরইল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাতে জামালপুর সার্কিট হাউজে অবস্থান করবেন।
এছাড়া রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসন আয়োজিত এ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও উন্নয়ন প্রকল্প সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হবে।
কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সফরটি নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

