বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার দুটি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের জন্য সরকারি অনুদান হিসেবে ৬ লাখ টাকা ছাড়ের মঞ্জুরি প্রদান করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরের ‘উপজেলা উন্নয়ন সহায়তা’ খাতের অনগ্রসর উপজেলা বিবেচনার আওতায় এই বিশেষ থোক বরাদ্দ দেওয়া হয়।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (উপজেলা-২ শাখা) থেকে এ সংক্রান্ত এক মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে। উপ-সচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এই আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশ থেকে জানা যায়, বরাদ্দের ৬ লাখ টাকা নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দুটি পৃথক উন্নয়ন প্রকল্পে সমানভাবে ব্যবহার করা হবে: ১. রতনের বাজারে কারিকান্দা কেন্দ্রীয় জামে মসজিদ সংস্কার: ৩.০০ লাখ টাকা। ২. ৭২ নং দক্ষিণ-পূর্ব কচুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উঁচুকরণ ও সংস্কার: ৩.০০ লাখ টাকা।
প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ‘উপজেলা উন্নয়ন সহায়তা’ খাত থেকে তথ্য প্রতিমন্ত্রী মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী নান্দাইল উপজেলা পরিষদের অনুকূলে এই অর্থ ছাড় দেওয়া হয়েছে।
মঞ্জুরিকৃত এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি বিধিবিধান ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ সঠিকভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসার যৌথভাবে এই অর্থের আয়-ব্যয় কার্যক্রম পরিচালনা করবেন। নির্দেশনায় আরও বলা হয়, প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবেন এবং অব্যয়িত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি কোষাগারে ফেরত পাঠাতে হবে।
![]()

