আবু হানিফ স্টাফ রিপোর্টার :-কিশোরগঞ্জের প্রবীণ ও গুণী সাংবাদিক, কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ সাধারণ সম্পাদক এবং পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ এম এ রশীদ ভূঁইয়া (৯০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে পাকুন্দিয়া প্রেসক্লাবসহ কিশোরগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এম এ রশীদ ভূঁইয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্রা গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজাদ, দৈনিক বাংলাবাজার, দৈনিক জাহান, স্থানীয় দৈনিক আজকের দেশ, শতাব্দীর কণ্ঠসহ একাধিক পত্রিকায় নিয়মিত লেখালেখি করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতা পেশায়ও ছিলেন অত্যন্ত সুনামধন্য। পাকুন্দিয়া উপজেলার আগরপাট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। শিক্ষকতা জীবনে তিনি কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি পাকুন্দিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে ও তিন মেয়েসহ বহু শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার জোহরের নামাজের পর আগরপাট্রা ঈদ্গাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

