নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলা হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে ১৭ সদস্য বিশিষ্ট ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’ গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের জাতীয় সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।
সোমবার (৩ আগস্ট ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সহ-সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা সমাজসেবা অফিসার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), মেডিকেল অফিসার (এমসিএইচ), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা।
এছাড়া কমিটিতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি, ১৩নং চরবেতাগৈর ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি হিসেবে সেবা ফাউন্ডেশনের মোঃ ইউসুফ আকন্দ মজিবুর এবং সংবাদকর্মী প্রতিনিধি হিসেবে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি হিসেবে সদস্য মনোনীত হয়েছেন মোঃ আতিকুজ্জামান ভূঁইয়া নওফেল।
নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. এনামুল কাদির বলেন, আমাদের নেতা তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে এই কমিটি নান্দাইলের স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নান্দাইবাসী আশা প্রকাশ করেছেন। আর উনার প্রচেষ্টায় নান্দাইল উপজেলা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত হয়েছে। খুব শীঘ্রই কাজের টেন্ডার হবে। উনি সভাপতি মনোনীত হওয়ায় নান্দাইলবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাই।
এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা সুলতানা জানান, সরকারি নির্দেশনা মোতাবেক হাসপাতালের প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই কমিটি কাজ করবে।

