নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের আগমনকে স্বাগত জানিয়ে এবং এর পবিত্রতা রক্ষার আহ্বানে ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নান্দাইল উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই র্যালিটি আয়োজন করা হয়।
‘আহলান সাহলান, মাহে রমজান—রমজানের পবিত্রতা রক্ষা করুন’ এই স্লোগানকে সামনে রেখে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়। র্যালিটি নান্দাইল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবযোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন মাহমুদ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ সাধারণ মানুষ অংশ নেন।
র্যালি পরবর্তী পথসভায় বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিশেষ করে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে রমজানের হক আদায় করার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।

