নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি বাড়িতে ঢুকে নারী ও বৃদ্ধাসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সাদ্দাম হোসেন (৩৫) বাদী হয়ে ওই দিনই ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— একই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে দুলাল মিয়া (৫০), শহীদ মিয়ার তিন ছেলে ইমন মিয়া (২৬), জাহাঙ্গীর আলম (৩৫) ও সাইমন মিয়া (২২) এবং দুলাল মিয়ার ছেলে তুহিন মিয়া (২০)। তারা সবাই বাদীর সম্পর্কে চাচা ও চাচাতো ভাই।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদীগণের সঙ্গে সাদ্দাম হোসেনের পরিবারের দীর্ঘ দিন ধরে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে ঘটনার দিন বেলা ১১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাদ্দাম হোসেনের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। তার চিৎকারে তাকে বাঁচাতে এগিয়ে আসেন ভাইবউ শিউলী আক্তার (২২) ও বৃদ্ধা মা দিনুরা আক্তার (৬৫)।
অভিযোগে উল্লেখ করা হয়, ১নং আসামী দুলাল মিয়ার হুকুমে ২নং আসামী ইমন মিয়া লোহার রড দিয়ে শিউলী আক্তারের মাথায় আঘাত করতে চাইলে তিনি হাত দিয়ে তা ঠেকান। এতে তার ডান হাতের কব্জির হাড় ভেঙে গুরুতর জখম হয়। আসামীরা সাদ্দাম হোসেনের বৃদ্ধা মা দিনুরা আক্তারকে মারধর ও শ্লীলতাহানি করে এবং তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। হামলাকারীরা বসতঘরের দরজা, জানালা ও টিনের বেড়া ভাঙচুর করে প্রায় ১০-১২ হাজার টাকার ক্ষতি সাধন করে।
পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী সাদ্দাম হোসেন বলেন, “বিবাদীগণ অত্যন্ত দাঙ্গাবাজ প্রকৃতির লোক। তারা পরিকল্পিতভাবে আমাদের প্রাণে মারার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”
অপরদিকে অভিযুক্ত ব্যাক্তিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

