শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মিজ ফাতেমা জান্নাত স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভা মিলিত হয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবাগত ইউএনও উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। তিনি প্রথমে নিজের পরিচয় তুলে ধরেন এবং পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন। এ সময় তিনি নান্দাইলের সার্বিক পরিবেশ-পরিস্থিতি এবং বিভিন্ন বিষয় সম্পর্কে সাংবাদিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য ও মতামত জানতে চান।
ইউএনও মিজ ফাতেমা জান্নাত তার বক্তব্যে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও সাংবাদিক একে অপরের পরিপূরক।” তিনি আরও বলেন, প্রশাসন এবং সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের জটিলতাগুলো দূর করে একটি সুন্দর ও উন্নয়নশীল দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়া তিনি সততা ও পরিশ্রমের মাধ্যমে তার দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই মহৎ কাজে তিনি সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
এসময় নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেবেকা সুলতানা ডলি এবং নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


