স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইলে রাতের আধারে নিরীহ কৃষকের ফিসারীর পাড় কেটে দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ওই কৃষকের চাষকৃত শিং ও তেলাপিয়া মাছ ফিসারীর থেকে বেড়িয়ে যাওয়ায় প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (২৫ জুন) রাতে কোন এক সময়ে প্রতিপক্ষের দ্বারা উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে নিরীহ কৃষক শামীম মিয়ার ফিসারীতে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় শামীম মিয়া বাদী হয়ে একই গ্রামের প্রতিপক্ষ নিজাম উদ্দিনের পুত্র মাসুদ মিয়া ও আব্দুল মজিদের পুত্র সুমন মিয়া সহ অজ্ঞাত আরো ২/৩জনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, মাদারীনগর গ্রামের নাজিম উদ্দিনের পুত্র শামীম মিয়ার পরিবারের সাথে প্রতিপক্ষ মাসুদ মিয়া ও সুমন মিয়ার পরিবারের দীর্ঘদিন যাবত বাড়ির সীমানা সংক্রান্ত পূর্বশত্রুতা ও পারিবারিক কলহ চলে আসছিল। নিরীহ কৃষক শামীম মিয়ার পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ধরনের বিরোধ সৃষ্টি করিয়া বাড়ি-ঘরের ক্ষতিসাধন, জায়গা দখল, মারধর সহ বিভিন্ন ধরনের অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছে প্রতিপক্ষ।
এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-দরবার হলেও প্রতিপক্ষ উগ্রবাদী হওয়ায় এর কোন সুরাহা হয়নি। এ বিষয়ে কৃষক শামীম মিয়া জানান, জমির কাগজপত্র/দলিলাদি সঠিক থাকা সত্বেও জোরপূর্বক জায়গা দখলে নিয়ে গেছে তারা। এছাড়া ফিসারীর পাড় কেটে দিয়ে আনুমানিক ৯০ হাজার টাকার মাছের ক্ষতি সাধন করেছে। বিষয়টি স্থানীয় লোকজনকে জানাইলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে মারপিট সহ খুন-জখমের হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে মাসুদ মিয়া ও সুমন গং এর হাত থেকে রেহাই পেতে উর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে নীরহ কৃষক পরিবার।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অপরদিকে প্রতিপক্ষ মাসুদ মিয়ার পরিবারের যোগাযোগ করা হলে তাঁরা অভিযোগের বিষয়টি অস্বীকার করেন।

