নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে ৬১ লাখ ৬০ হাজার ৪০০ টাকা প্রাক্কলিত ব্যয়ে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ১৩নং দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী তাঁকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। এরপর তিনি ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া পিয়াল এবং নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় ও আবুল খায়ের বাবুল। এছাড়াও যুবদল নেতা কামরুজ্জামান রাসেল, আকরাম হোসেন ফেরদৌস, ছাত্রদল নেতা অনিক আহমেদ বাবলুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভবনটি উদ্বোধনের ফলে অত্র এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার মানোন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
![]()

