নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহের নান্দাইলে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
উক্ত ঈদগাহ মাঠে স্থানীয় মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। নামাজ শেষে তিনি উপস্থিত সবার সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহিদুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা এই জামাতে অংশ নেন।
নামাজ শেষে খুতবায় দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান।
ঐতিহ্যবাহী এই ঈদগাহ মাঠে প্রতি বছরের ন্যায় এবারও নান্দাইল ও আশপাশের এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে। শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন সবাই।

