ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জলাবদ্ধতার দুর্ভোগ: নান্দাইল স্বাস্থ্যকেন্দ্রে যেতে ভরসা পরিত্যক্ত ভবন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৭, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ ও পার্শ্ববর্তী পুকুরের পানি উপচে পড়ায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রটি ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র প্রবেশ পথসহ চারপাশ পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বাস্থ্যকর্মীরা। সেবা নিতে আসা রোগী এবং স্বাস্থ্যকর্মীদের এখন একটি পরিত্যক্ত ভবনের ভেতর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। 

সরেজমিনে দেখা যায়, দোতলা এই স্বাস্থ্যকেন্দ্রের চারপাশ হাঁটু সমান পানিতে নিমজ্জিত এবং কচুরিপানায় পূর্ণ। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এবং অতি বর্ষণে কেন্দ্রের একমাত্র মাটির রাস্তাটি ভেঙে পাশের পুকুরে বিলীন হয়ে গেছে। ফলে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগী ও স্বজনদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।

স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) আকরাম উল্লাহ জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন শতাধিক রোগী সেবা নিতে আসলেও জলাবদ্ধতার কারণে এই সংখ্যা এখন অনেক কমে গেছে। তিনি বলেন, “কয়েকদিন আগে একজন রোগী কেন্দ্রে আসার সময় পিছলে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাতে হয়েছে।” 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের পাশের পুকুরগুলো এলাকার প্রভাবশালী ব্যক্তিরা মাছ চাষের জন্য ব্যবহার করলেও সংস্কারে কোনো উদ্যোগ নেন না। পুকুরের পাড় ভেঙে যাওয়ায় এবং কচুরিপানায় পরিপূর্ণ থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাদের মতে, পুকুরগুলো সংস্কার করে পাড় বেঁধে দিলে জলাশয়ের সৌন্দর্য বাড়ার পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের জন্য একটি সুন্দর রাস্তাও তৈরি হবে।

এই বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা জানান, বিষয়টি তিনি অবগত ছিলেন না। তবে, তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে কথা বলে দ্রুত একটি রাস্তা নির্মাণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।