আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পাকুন্দিয়া উপজেলার মঠখোলা রোডের নিশ্চিতপুর ৫ম তলা এলাকায় অটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাছির উদ্দীন (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছির উদ্দীন জাঙ্গালিয়া ইউনিয়নের চরতেরটেকেয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবুল হুসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি মঠখোলা রোড দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নাছির উদ্দীন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে। এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
![]()

