নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে এক মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। “Water Well Project in Bangladesh” প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ১০০টি গরীব ও অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবাল ওয়ান’ (Global One)-এর অর্থায়নে এবং ‘সেবা ফাউন্ডেশন’ (SEBA Foundation)-এর ব্যবস্থাপনায় এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, সেবা ফাউন্ডেশনের পরিচালক ইউসুফ আকন্দ মজিবুর প্রমুখ।
অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “নান্দাইল উপজেলার মানুষের কল্যাণে আজ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা আরও সহজতর হবে, যা একটি অত্যন্ত মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ।”
বক্তারা আরও জানান, জনগণের সেবা ও মানবতার কল্যাণে নান্দাইল উপজেলা বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই মহৎ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য তারা আন্তর্জাতিক দাতা সংস্থা ‘গ্লোবাল ওয়ান’ ও বাস্তবায়নকারী সংস্থা ‘সেবা ফাউন্ডেশন’কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টিউবওয়েল উপকরণ হাতে পেয়ে সুবিধাভোগী পরিবারগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায়। তারা জানান, দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভুগছিলেন তারা, এখন এই টিউবওয়েলগুলো স্থাপনের মাধ্যমে তাদের সেই কষ্ট লাঘব হবে।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সেবা ফাউন্ডেশনের প্রতিনিধি এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

