ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে চার গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদ শূন্য ॥ ব্যাহত হচ্ছে সরকারি সেবা

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৬, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরে শীর্ষ কর্মকর্তার পদ শূন্য থাকায় দাপ্তরিক কাজে চরম স্থবিরতা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে পদগুলো খালি থাকায় এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তার অনুপস্থিতিতে সাধারণ মানুষ সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে নান্দাইল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং পরিসংখ্যান কর্মকর্তার পদ দীর্ঘ সময় ধরে শূন্য রয়েছে। এছাড়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) অসুস্থতাজনিত কারণে দীর্ঘমেয়াদী ছুটিতে থাকায় প্রাথমিক শিক্ষা বিভাগেও এক ধরনের অভিভাবকহীনতা তৈরি হয়েছে।
একটি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হলো প্রকল্প বাস্তবায়ন অফিস। টিআর, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকির জন্য পিআইও-র পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদটি খালি থাকায় সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ ধীরগতিতে চলছে এবং তদারকিতে ঘাটতি দেখা দিচ্ছে। যদিও ময়মনসিংহ জেলা সদর দায়িত্বে থাকা কর্মকর্তা তিনি মনিরুল হক ফারুক নান্দাইলের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। অন্যদিকে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোর একাডেমিক তদারকি এবং প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটছে। পরিসংখ্যান কর্মকর্তার অনুপস্থিতিতে বিভিন্ন সরকারি তথ্য সংগ্রহ ও পরিসংখ্যান ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন ব্যাহত হচ্ছে।
এছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) ফজিলাতুন্নেছা দীর্ঘ দিন ধরে অসুস্থতার কারণে ছুটিতে থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দাপ্তরিক সমস্যা সমাধানে দীর্ঘসূত্রিতা দেখা দিচ্ছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে কাজ চললেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জটিলতা কাটছে না।
সেবাগ্রহীতা ও অভিজ্ঞ মহল জানিয়েছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে এই শূন্য পদগুলোতে অবিলম্বে দক্ষ কর্মকর্তা নিয়োগ দেওয়া প্রয়োজন। একজন কর্মকর্তা না থাকলে সাধারণ মানুষকে দিনের পর দিন দপ্তরে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। উপজেলার বিশাল জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি দেওয়া প্রয়োজন। অন্যথায়, সরকারি বিভিন্ন সেবামূলক কার্যক্রম মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। শীঘ্রই বিষয়টির সমাধান হবে বলে আশা করছি।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।