নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) ও আরসিআইপি প্রকল্পের আওতায় ‘কোর রোড নেটওয়ার্ক’ সড়ক অগ্রাধিকার এবং তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) নান্দাইল উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে প্রযুক্তিনির্ভর মাস্টারপ্ল্যানের গুরুত্ব তুলে ধরা হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে কর্মশালায় বক্তব্য ও টেকনিক্যাল সেশন পরিচালনা করেন নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া পিয়াল।
এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, নান্দাইল আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরীর সহকারী মো. সাদ্দাম হোসেন প্রমুখ।
এছাড়া কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকৌশলীগণ উপস্থিত থেকে তাদের মতামত ও তথ্য প্রদান করেন।
বক্তারা বলেন, জিআইএস (GIS) ভিত্তিক মাস্টারপ্ল্যান প্রণীত হলে গ্রামীণ সড়কের সঠিক তথ্য ও অবস্থান নিশ্চিত করা সম্ভব হবে। এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সড়কগুলো মেরামত ও উন্নয়ন করা সহজ হবে, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখবে।

