নিজস্ব প্রতিবেদক: ময়মসিংহের নান্দাইল উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং ৩নং নান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক ও ঝালুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজেউন)। তাঁর বাড়ি নান্দাইল ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২রা জুলাই) তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে পরিবারে স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যোহরের নামাজের পর মরহুমের জানাযা’র নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মুসুল্লিরা জানাযা’র নামাযে অংশ গ্রহন করেন।
তাঁর এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ও নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, “আশরাফ আলীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। তিনি ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও আদর্শবান সৈনিক। তার ন্যায়পরায়ণতা, গণতন্ত্রের প্রতি অদম্য শ্রদ্ধা এবং দলের প্রতি ভালোবাসা ছিল অতুলনীয়। তার কঠোর পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতার কারণেই তাকে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছিল।”
তিনি আরও স্মৃতিচারণ করে বলেন, “গত নির্বাচনে আশরাফ আলীর সাহসী ভূমিকা, দৃঢ়তা এবং দলের সিদ্ধান্তের প্রতি তার নিঃশর্ত আনুগত্য ছিল প্রশংসনীয়। ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশগুলোতে তার জনপ্রিয়তা আমাকে মুগ্ধ করেছিল। আমরা একজন সহজ-সরল, নম্র-ভদ্র এবং বিশ্বস্ত সহকর্মীকে হারালাম।”
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।


