নিজস্ব প্রতিবেদক : ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এবং পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কচুরি বাকচান্দা এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘ইয়ুথ ফাউন্ডেশন’। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও গত বুধবার (২৭ মে) সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৭০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
২০২০ সালের ২১ এপ্রিল প্রতিষ্ঠার পর থেকেই ইয়ুথ ফাউন্ডেশন এলাকার আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় যুবসমাজের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত এই উপহার বিতরণ অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংগঠনের সভাপতি কাজীমুল ইসলাম কারিম এবং সাধারণ সম্পাদক মেজবা হোদ্দোজা বলেন, “ঈদের আনন্দ কেবল সামর্থ্যবানদের জন্য নয়, এটি সবার। ত্যাগের মহিমায় আমাদের সকলের জীবন উদ্ভাসিত হোক—এই লক্ষ্য নিয়ে আমরা সুবিধাবঞ্চিত ভাই-বোনদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আগামী দিনেও অব্যাহত থাকবে।”
এ সময় সংগঠনের সকল উপদেষ্টা, সদস্য এবং স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপহার বিতরণ শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইয়ুথ ফাউন্ডেশন কেবল উৎসব কেন্দ্রিক নয়, বরং বছরজুড়েই সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে চায়। সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং এই মানবিক ধারা বজায় রাখতে তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
উপহার গ্রহণকারী সাধারণ মানুষ ইয়ুথ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং তরুণদের এমন মানবিক কাজে এগিয়ে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


