নুরুজ্জামান আশরাফ,বাজিতপুর (কিশোরগঞ্জ): বাজিতপুর পৌর শহরের মিরারবন্দ এলাকায় খালে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে মিরারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের খালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো মিরারবন্দ গ্রামের পান দোকানদার মো.সুজন মিয়ার দ্বিতীয় ছেলে তাহসিন মিয়া (৩) এবং একই গ্রামের মো.শাওন মিয়ার দ্বিতীয় কন্যা মাওয়া আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের খালের কাছে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশু দুটি পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় লোকজন ও স্বজনরা খাল থেকে উদ্ধার করে দ্রুত বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল ও নিহতদের বাড়িতে স্বজন, প্রতিবেশী এবং উৎসুক মানুষের ভিড় জমে। শিশু দুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম নেমে আসে। নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল্লাহ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। তিনি জানান এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

