নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনকে কেন্দ্র করে এক বিশাল শোডাউন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই বিকালে বাশহটি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনে বিশাল কর্মী বহর ও মিছিল নিয়ে যোগদান করেন চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক প্রার্থী এবং সাবেক ছাত্র ও যুবদল নেতা মামুন অর রশিদ (রুবেল খান)।
সাবেক এই তুখোড় ছাত্রনেতা এর আগে চন্ডীপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং নান্দাইল উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত রুবেল খান এবার চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃত্বের দৌড়ে শক্ত অবস্থানে রয়েছেন। সম্মেলনস্থলে রুবেল খানের নেতৃত্বে হাজারো নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে নান্দাইল আসনের জনপ্রিয় জাতীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। কর্মী সম্মেলনে রুবেল খানের এই বিশাল উপস্থিতি ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের ফলে সাধারণ নেতা-কর্মীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল খান বিএনপির একজন একনিষ্ঠ ও সক্রিয় সদস্য হিসেবে দলের প্রতিটি ক্রান্তিলগ্নে রাজপথে থেকেছেন। বিগত জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরীর পক্ষে তিনি নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা ও জনমত গঠন করেন। রুবেল খানের সমর্থিত কর্মীরা জানান, রুবেল খানের মতো পরিশ্রমী নেতাদের কারণেই বিএনপি সামনে এগিয়ে যাবে। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপিকে সংসদীয় আসনে জয়ী করার পেছনে রুবেল খান নিরলস পরিশ্রম করেছেন।
সম্মেলনে যোগদানের বিষয়ে মামুন অর রশিদ রুবেল খান বলেন, “দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আমাদের প্রিয় নেতা ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে চন্ডীপাশা ইউনিয়ন বিএনপিকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই। জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে এবং দলের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নে আমি সর্বদা নিবেদিতপ্রাণ। দল যদি আমাকে দায়িত্ব দেয়, তবে তৃণমূলকে সাথে নিয়ে আমি আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করব।”

