নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তাঁর নির্দেশে উপজেলার ৩১টি পূজা মণ্ডপে মোট ৬২ বান্ডিল ঢেউটিন এবং প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে নগদ দেড় লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সুসংগঠিত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ৩১টি পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে এসব ঢেউটিন তুলে দেওয়া হয়। একই সঙ্গে দুর্গাপূজা উদযাপনে সহায়তার অংশ হিসেবে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজা মণ্ডপকে ৫ হাজার টাকা করে নগদ অনুদান দেওয়া হয়।
ঢেউটিন ও অনুদান বিতরণকালে নান্দাইল উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি এবং মণ্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় সরকারের এই উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, “প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর এই সময়োপযোগী ও মানবিক সহায়তায় মণ্ডপগুলোর সংস্কার ও প্যান্ডেল প্রস্তুতির কাজ অনেক সহজ হবে।” তিনি সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শারদীয় উৎসবে পাশে দাঁড়ানোর জন্য প্রতিমন্ত্রীর প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
![]()

