ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে নান্দাইলে শিক্ষার্থী ও জনতার বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা এবং নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকালে নান্দাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়।
বিশ্বব্যাপী মজলুম ফিলিস্তিনি জনগণের উপর চলমান আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এবং গাজার নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানিয়ে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। “ফ্রি ফ্রি প্যালেস্টাইন” স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নান্দাইলের রাজপথ। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত জনতা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের পাশবিক হামলার তীব্র নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। মিছিলকারীরা ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করে।
উক্ত বিক্ষোভ মিছিলে অংশ নেন মুক্তিযোদ্ধার সন্তান আহসান কাদের ও শেফালী আক্তার, শিক্ষার্থী আরজুন জান্নাত মাইদা, পপি আক্তার, রকি মিয়া, সিয়াম সরকার, এনামুল হক, ফজলে আরাফাত, পাপিয়া আক্তার, আশরাফুজ্জামান রিপন প্রমুখ অংশগ্রহন করে। তাদের কন্ঠে ধ্বনিত হয় ফিলিস্তিনের স্বাধীনতার দাবি এবং মজলুম জনতার প্রতি সংহতি।
মিছিল শেষে বক্তারা বলেন, ফিলিস্তিনিদের উপর দিনের পর দিন যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে, তা বিশ্বমানবতার জন্য লজ্জাজনক। তারা অবিলম্বে এই আগ্রাসন বন্ধের দাবি জানান এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। নান্দাইলের এই বিক্ষোভ মিছিল ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের মানুষের গভীর সংহতি ও সহমর্মিতারই বহিঃপ্রকাশ।

