মোঃ অলিউল্লাহ শেখ , হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জহিরুল ইসলাম মবিন।
সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের বীরত্বগাথা ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের এই ত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে, যার মাধ্যমে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটেছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর হাসান জিকু, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিমুল রাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম কাঞ্চন, আবু বাক্কার সিদ্দিক বাক্কার, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি এ বিএম চঞ্চল আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, উপজেলা জামায়াতের আমির আমিনুল হক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল আমিন ভূঁইয়া প্রমুখ।
এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাহিদুল ইসলাম শিহাব, সমাজসেবা অফিসার এহছানুল হক, শিক্ষা অফিসার আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

