ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫শ’ অসহায় মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন

সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকার সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সমাজের অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি একটি মানবিক কর্তব্যও।” তিনি আরও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে কিছুটা হলেও স্বস্তি পায়, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এসব সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুর রহমান (মাসুদ), পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন, বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক (মাসুদ), মোঃ ইরফান উদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১ হাজার ৫০০ জন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হচ্ছে। প্রত্যেককে জনপ্রতি ২০ কেজি চাল এবং নগদ ১ হাজার টাকা করে দেওয়া হবে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসবে। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন। পুরো আয়োজন ঘিরে উপজেলা পরিষদ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।