ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৬নং রাজগাতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক ভূঁইয়া (বুলু) আর আমাদের মাঝে নেই। রোববার (১৭ই আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। দুপুরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ১১ জন পুত্র ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আব্দুর রাজ্জাক ভূঁইয়া (বুলু) রাজগাতী ইউনিয়নের একজন জনপ্রিয় ও শ্রদ্ধ্যাভাজন ব্যক্তি ছিলেন। একবার চেয়ারম্যান থাকাকালীন তিনি এলাকার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর সহজ-সরল জীবনযাপন ও জনবান্ধব আচরণের জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে প্রিয় ছিলেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার মোমতাজ খোকন ও সাবেক ইউপি চেয়ারম্যান রুকন উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রোববার বাদ আছর স্থানীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয় বলে এলাকাবাসী মনে করছেন।

