আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জালাল উদ্দিন বলেছেন, “দেশ আজ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে। পতিত স্বৈরাচার হাসিনার আমলে মানুষ বাকস্বাধীনতা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত।”
মঙ্গলবার (০৭ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারে কটিয়াদী উপজেলার বিভিন্ন হাটবাজার, জনবহুল এলাকা ও প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা। এই লক্ষ্যে আমরা মাঠে নেমেছি, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।”
এডভোকেট জালাল উদ্দিন আরও বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। এই শক্তির জাগরণ ঘটলেই দেশের ভাগ্য বদলানো সম্ভব।”
উপজেলা বিএনপির সভাপতি দিলীপ খান বলেন, “বিগত সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম ও সহসভাপতি এডভোকেট জালাল উদ্দিনের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আগামী দিনেও সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
প্রচারণায় পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলের ৩১ দফা কর্মসূচি ও ভবিষ্যৎ রাষ্ট্র মেরামতের পরিকল্পনা তুলে ধরেন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, তারেক রহমানের ঘোষিত রূপরেখা অনুযায়ী প্রতিটি এলাকায় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

