নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নে নির্বাচনী তৎপরতা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে মতবিনিময় সভা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রতন মিয়া।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা আমলীতলা বাজারে ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
স্থানীয় বাসিন্দা মোঃ ফজলুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রতন মিয়া বলেন, “অতীতে অনেকেই এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, কিন্তু সাধারণ মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বিশেষ করে চন্ডীপাশার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হতে পারলে প্রথমেই অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কারকাজ শুরু করবো”।
তিনি আরও উল্লেখ করেন, “বিগত দিনে দুইবার নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারও আমি প্রার্থী হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় সমর্থন পেলে চন্ডীপাশা ইউনিয়নবাসীর সহযোগিতায় বিপুল ভোটে বিজয়ী হবো। এই বিজয় আমি নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে উপহার দিতে চাই।”
সমাজসেবক রতন মিয়া সামাজিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে চন্ডীপাশাকে একটি সুন্দর, সমৃদ্ধশালী এবং জুয়া ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। এ লক্ষ্যে তিনি দলমত নির্বিশেষে ইউনিয়নের সকল স্তরের মানুষের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আবু ইউসুফ ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শহীদুল ইসলাম ভূঁইয়া, মোঃ খুররম মিয়া, মাহবুবুর রহমান অন্তর, ডাঃ মোহাম্মদ কামাল হোসেন, নূর মোহাম্মদ ভুট্টু ও আবদুল মালেক সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে চন্ডীপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
![]()

