শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মুফিদুল আলম বৃহস্পতিবার (২১ আগস্ট) নান্দাইল উপজেলা পরিদর্শন করেছেন। দিনব্যাপী এই পরিদর্শনের অংশ হিসেবে তিনি নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়া নান্দাইল মডেল থানা পরিদর্শন, উপজেলা ভূমি অফিস ও ইউএনও অফিস পরিদর্শন শেষে উপজেলা পরিষদে সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের কথা চিন্তা করে মাদার ও বুক কর্ণারের উদ্বোধন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান এবং নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সকালে জেলা প্রশাসক মুফিদুল আলম নান্দাইল উপজেলায় পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, লাইব্রেরি ও অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পড়ালেখার খোঁজখবর নেন। তিনি শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ছাত্রীদের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন। একইসাথে তিনি শিক্ষার গুণগত মান আরও উন্নত করার জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করেন এবং জনগণের জন্য সরকারি সেবাসমূহ আরও সহজলভ্য ও কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। তার এই পরিদর্শনকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছেন এবং আশা প্রকাশ করছেন যে, এর মাধ্যমে উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।


