আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা তাছলিমা বেগম লিপি। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবেদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, হোসেন্দী আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন, বাহদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহেদুল ইসলাম প্রমুখ।

এ সময় পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইদ্রীস আলী সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোছা. কামরুন্নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও রূপম দাস বলেন, শিক্ষার হার বাড়াতে প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমান সরকারও শিক্ষার প্রসার ও সাক্ষরতার হার বাড়াতে কাজ করছে।

