ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বিদ্যুৎ সংকটে দুঃখ প্রকাশ করে নান্দাইলবাসীকে জরুরি বার্তা দিলেন ইয়াসের খান চৌধুরী এমপি

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: দেশের দুটি বিদ্যুৎ কেন্দ্র আকস্মিক বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাটে নান্দাইলবাসীর চরম ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রোববার (২৮ জুন) তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক জরুরি বার্তায় তিনি এই দুঃখ প্রকাশ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁর নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন।

এমপি ইয়াসের খান চৌধুরী তাঁর বার্তায় জানান, কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে ঢাকা সহ সারাদেশে লোডশেডিং চলছে, যার প্রভাব নান্দাইলেও পড়েছে। প্রচণ্ড তাপদাহের মধ্যে এই অনাকাঙ্ক্ষিত লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের যে অবর্ণনীয় কষ্ট হচ্ছে, তা তিনি গভীরভাবে অনুধাবন করছেন।

তিনি আরও জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে তিনি বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছেন। নান্দাইলে লোডশেডিংয়ের মাত্রা যাতে অন্তত সহনীয় পর্যায়ে নামিয়ে আনা যায়, সে লক্ষ্যে তিনি জরুরি নির্দেশনা দিয়েছেন।

নান্দাইলের এই জনপ্রিয় সংসদ সদস্য আশা প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলীরা নিরলস কাজ করছেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সাময়িক এই অসুবিধার জন্য পুনরায় দুঃখ প্রকাশ করে তিনি এই সংকটময় সময়ে সকল নান্দাইলবাসীকে ধৈর্য ধারণ করার সবিনয় অনুরোধ জানিয়েছেন।

প্রতিমন্ত্রীর এই আন্তরিক ও সময়োপযোগী বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে।  নির্বাচনী এলাকার বাসিন্দারা বলছেন, সংকটের সময় সরাসরি মানুষের পাশে দাঁড়িয়ে সঠিক তথ্য তুলে ধরায় এবং দুঃখ প্রকাশ করায় প্রতিমন্ত্রীর প্রতি তাদের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আশা করছেন দ্রুতই বিদ্যুত সংকট কাটিয়ে উঠবে। 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।