প্রতিবেদন: মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ; গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জুম্মার নামাজ আদায় করেছেন মাননীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন। নামাজ শেষে তিনি স্থানীয় দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আজিজার রহমান ধলু মাননীয় সংসদ সদস্যের কাছে একটি হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও ইবতেদায়ী মাদ্রাসার অবকাঠামোগত সমস্যার বিষয় তুলে ধরেন। তিনি জানান, প্রায় ২০০ জন শিক্ষার্থী শ্রেণিকক্ষের অভাবে সঠিকভাবে লেখাপড়া করতে পারছে না।
এছাড়া বিদ্যালয় সংলগ্ন একটি মাঠ দীর্ঘদিন ধরে মাটি কাটার অভাবে অনুপযোগী হয়ে রয়েছে। ফলে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় তরুণরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য মাননীয় সংসদ সদস্যের কাছে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
মাননীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন এলাকাবাসীর সমস্যা মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
স্থানীয়দের আশা, দ্রুত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও মাঠের উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার পরিবেশ আরও উন্নত হবে।

