শহিদুল ইসলাম সৈকত, সোনরগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২১শে ফেব্রুয়ারি ) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান।
এসময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, “৫২-এর ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের সেই চেতনাকে ধারণ করেই আমাদের আগামীর পথ চলতে হবে।”
শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা মহান ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সারিবদ্ধভাবে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন।

