আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এড. মো. জালাল উদ্দীন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দুই উপজেলার ১৭০টি ভোটকেন্দ্রে গণনা শেষে এড. মো. জালাল উদ্দীন পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৪ হাজার ৬৫৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মোড়ল পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৬১ ভোট। এ আসনের অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) নূর উদ্দীন আহাম্মেদ পেয়েছেন ১ হাজার ৩১৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী (ময়ূর) মো. আনিসুজ্জামান খোকন পেয়েছেন ৩৬৩ ভোট। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী (লাঙ্গল) মো. আফজাল হোসেন ভূঁইয়া পেয়েছেন ২ হাজার ১১৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (হাতপাখা) মো. আবুল বাশার রেজওয়ান পেয়েছেন ৩ হাজার ৫৬৬ ভোট। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট মনোনীত প্রার্থী (টেলিভিশন) মো. বিল্লাল হোসেন পেয়েছেন ২২২ ভোট এবং গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী (ট্রাক) মো. শফিকুল ইসলাম পেয়েছেন ৩৯৫ ভোট।
বিপুল ভোটে এড. মো. জালাল উদ্দীন নির্বাচিত হওয়ায় পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে।

