[ নান্দাইলে এক সারের ডিলারকে শোকজ ও সতর্কবার্তা ]
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ০১ নং বীর বেতগৈর ইউনিয়নে কৃষকদের সার সরবরাহে কৃত্রিম সংকট তৈরি ও অনিয়মের অভিযোগ ওঠায় কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
নান্দাইল উপজেলার ১নং বীর বেতাগৈর ইউনিয়নে ২০১০ সালে নিয়োগপ্রাপ্ত বিসিআইসি সার ডিলার ‘মেসার্স প্রত্যয় প্রয়াস এন্টারপ্রাইজ’ (প্রো: মাহমুদা খাতুন)-এর বিরুদ্ধে স্থানীয় কৃষকদের আনীত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা কৃষি অফিসকে তদন্তের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় ওই ডিলারকে শোকজ এবং পরবর্তীতে দাখিলকৃত জবাব ল সন্তোষজনক না হওয়ায় লিখিতভাবে কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে।
সংযুক্ত অফিসিয়াল চিঠিপত্র সূত্রে জানা গেছে, চলতি সেপ্টেম্বর/২০২৬ মাসে উক্ত প্রতিষ্ঠানের অনুকূলে ৪৮ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ প্রদান করা হয়। কিন্তু রূপা আমন ফসলের চলতি মৌসুমে সারের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও উক্ত ডিলার মাত্র ৩০ মেট্রিক টন সার উত্তোলন করে বাকি ১৮ মেট্রিক টন সার উত্তোলনে অবহেলা করেন। এতে এলাকায় কৃত্রিম সার সংকট দেখা দেয় ও সাধারণ কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়।
এছাড়া গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা সরজমিনে পরিদর্শনে গেলে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায় এবং মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে পরিদর্শনকালে সারের উত্তোলন, বিক্রয় ও মজুদের হিসাবে ব্যাপক গরমিল পরিলক্ষিত হয়, যা “সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬” এর সুস্পষ্ট পরিপন্থী।
এ ঘটনায় প্রথম দফায় ১৩ সেপ্টেম্বর উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা উক্ত প্রতিষ্ঠানকে ৩ কার্যদিবসের মধ্যে কৈফিয়ত তলব (শো-কজ) করেন। পরবর্তীতে ডিলারের প্রদত্ত জবাব সন্তোষজনক না হওয়ায় ১৭ সেপ্টেম্বর দ্বিতীয় চিঠিতে তাকে দ্রুত সময়ের মধ্যে বকেয়া সার উত্তোলন করে কৃষকদের চাহিদা পূরণের নির্দেশ দেওয়া হয় এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে ডিলারশিপ বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থার চরম সতর্কবার্তা দেওয়া হয়।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এক বিবৃতিতে জানান, “কৃষক ভাইদের যেকোনো সমস্যা ও অভিযোগ আমি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি। অভিযোগ পাওয়ামাত্রই কৃষি অফিসের মাধ্যমে সরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে যদি উক্ত ডিলার সার বিতরণ শুরু না করে, তবে তার ডিলারশিপ বাতিলসহ পরবর্তী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে।”
তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “কৃষকের স্বার্থ রক্ষা ও সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। সার বিতরণ নিয়ে যেকোনো ধরনের অনিয়ম, কালোবাজারি, কৃত্রিম সংকট বা সিন্ডিকেট তৈরির চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
![]()

