নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে একদিনে পৃথক দুই আয়োজনে অংশ নিয়ে ক্রীড়ার চর্চা বৃদ্ধি এবং স্থানীয় কৃষি খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
শুক্রবার (০৯ অক্টোবর ) তিনি উপজেলার ঐতিহ্যবাহী বনগ্রাম চৌরাস্তা স্কুল মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে জাহাঙ্গীরপুর ইউনিয়নের দশধার এলাকায় স্থানীয় পানচাষীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।
ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।”
একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে যুবসমাজকে ইতিবাচক কাজে যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “গ্রামপর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা জরুরি। এতে পুরো যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করে।”
খেলা শেষে প্রতিমন্ত্রী বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এবং খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাদ্দাম হোসেন এবং খারুয়া ইউনিয়ন বিএনপি নেতা মাওলানা ওলি উল্লাহ অলি। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে একই দিনে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নান্দাইলের জাহাঙ্গীরপুর ইউনিয়নের দশধার এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয় পানচাষীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। পানচাষীদের সাথে মতবিনিময়কালে তিনি কৃষকদের ভাগ্যোন্নয়ন ও কৃষিজাত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকারের নানা ইতিবাচক পদক্ষেপের কথা পুনর্ব্যক্ত করেন।
![]()

