ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

গণমাধ্যমকর্মীদের ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন তথ্যপ্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মে ২৬, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

[ অপপ্রচার ও এআই-বিভ্রান্তি রোধে সজাগ থাকার আহ্বান]

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল গণমাধ্যমকর্মী, সম্পাদক এবং সংবাদপত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

 এক বিশেষ শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতা এবং দেশের ক্রান্তিলগ্নে গণমাধ্যমকর্মীদের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে গণমাধ্যমকর্মীরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতিটি ধাপে তাদের অবদান জাতি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।”

শুভেচ্ছা বার্তায় তথ্যপ্রতিমন্ত্রী বর্তমান সময়ের প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রযুক্তির এই যুগে তথ্যপ্রবাহ যেমন সহজ হয়েছে, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও, বিকৃত ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এটি আমাদের সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।” এ ধরনের অপতৎপরতা রুখতে গণমাধ্যমকর্মীদের আরও বেশি দায়িত্বশীল ও পেশাদার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বর্তমানে সত্য যাচাই বা ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।”

বার্তায় প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি আধুনিক বাংলাদেশের রূপকার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম এবং আধুনিক রাষ্ট্রচিন্তার অগ্রপথিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, তাঁদের হাত ধরেই দেশের অবকাঠামো, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং গণতান্ত্রিক কাঠামো সুসংহত হয়েছে।

পবিত্র ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, “ঈদ আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই উৎসবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা যদি সত্য ও মানবিকতার পথে অবিচল থাকি, তবেই একটি উন্নত, সমৃদ্ধ ও সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

সবশেষে তথ্যপ্রতিমন্ত্রী দেশের সকল গণমাধ্যমকর্মী ও তাঁদের পরিবারবর্গের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদের আনন্দ সবার জীবনে অনাবিল প্রশান্তি বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।