নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে খাট থেকে পড়ে নুসরাত জাহান নামে ১১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে নান্দাইল পৌরসভার দক্ষিণ চারআনি পাড়া মহল্লায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। এক মুহূর্তের অসাবধানতায় কোলের সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা। তার আর্তনাদে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। শিশুটির এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নুসরাত জাহানের মা কামরুন্নাহার পারিবারিক কলহের জেরে স্বামীর থেকে আলাদা হয়ে গত ছয় মাস ধরে ওই এলাকায় একটি ভাড়া বাসায় তার মা ও শিশুকন্যাকে নিয়ে বসবাস করছিলেন।
শনিবার সকালে কামরুন্নাহার তার মেয়ে নুসরাতকে খিচুড়ি খাওয়াচ্ছিলেন। খাওয়ার একপর্যায়ে শিশুটিকে খাটের কিনারায় বসিয়ে রেখে তিনি সামান্য দূরে পানি আনতে যান। এ সময় শিশুটি অসাবধানতাবশত হঠাৎ খাট থেকে নিচে পাকা মেঝেতে পড়ে যায় এবং প্রচণ্ড আঘাতে জ্ঞান হারিয়ে ফেলে।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

