আবু হানিফ স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: বাংলা নববর্ষ পহেলা বৈশাখের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব, হাডুডু ও হাড়িভাঙ্গা খেলা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী স্থানীয় যুব সমাজের উদ্যোগে পাকুন্দিয়া পৌর সদরের হাপানিয়া মাস্টার কলোনী এলাকায় উৎসবমুখর পরিবেশে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন বয়সী মানুষ, যা পুরো এলাকায় সৃষ্টি করে প্রাণবন্ত বৈশাখী আবহ।
পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সভাপতি শামসুল আলম সবুজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি কামাল উদ্দীন, মো. এরফান উদ্দীন, এমদাদুল হক ভুলু, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দীন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের আয়োজক ও পৌর ছাত্রদলের সভাপতি শামসুল আলম সবুজ বলেন, “বাংলা নববর্ষের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এলাকাবাসীর সহযোগিতায় প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

