আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পাকুন্দিয়া উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এই সভায় যুবদলের নেতা-কর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে আন্দোলন জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ কামাল উদ্দিন (ভিপি কামাল)। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবদুল কদ্দুছ ফজলুল হক, পাকুন্দিয়া উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি আমিনুল হক জজ।
সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবদলের ৪৭ বছরের পথচলা স্মরণ করেন। তারা বলেন, “যুবদল সবসময়ই গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার আদায়ে আমাদের আন্দোলন আরও জোরদার করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেলাল উদ্দিন আলাল ও নাজমুল হক অপু সহ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভার মাধ্যমে যুবদলের নেতাকর্মীরা তাদের সুসংগঠিত অবস্থান এবং আগামী দিনের আন্দোলনের প্রস্তুতি তুলে ধরেন।


