নিজস্ব প্রতিবেদক, বাজিতপুর: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জুমাপুর আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ, দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ফরিদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রনি মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে পুরো স্কুল প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক বদরুল আলম শিপু।
প্রথমে সভাপতি প্রধান শিক্ষক মতিউর রহমান ফরিদ তাঁর স্বাগতে বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আজকের এই আয়োজন আমাদের মধ্যেকার সেই মেলবন্ধনকে আরও দৃঢ় করবে।” তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি বদরুল আলম শিপু তাঁর বক্তব্যে বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আইডিয়াল স্কুল মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে আলোকিত মানুষ গড়ার যে কাজটি করছে, তা অত্যন্ত প্রশংসার যোগ্য।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বসিত দেখা যায়।


