শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৭নং ওয়ার্ডের ঝাউগড়া ব্রীজ সংলগ্ন ফাতিহা আদর্শ বিদ্যানিকেতনে রোববার (৫ অক্টোবর) এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি/২০২৪ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান, ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহ শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি হাজী মোঃ রফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আলী আযম এবং ফুলতলা খাজা কিন্ডারগার্টেনের পরিচালক আবুল কাশেম প্রমুখ।
উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি পরিবেশ সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ নান্দাইল গড়ার আহ্বান জানান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফল করার অঙ্গীকার ব্যক্ত করে। গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল খুশির ঝিলিক।
ফাতিহা আদর্শ বিদ্যানিকেতনের এই উদ্যোগকে সুধী মহল সাধুবাদ জানিয়েছে। তারা মনে করেন, এমন কার্যক্রম শিক্ষার্থীদের একদিকে যেমন পড়ালেখায় উৎসাহিত করবে, তেমনি অন্যদিকে পরিবেশ রক্ষায় তাদের সচেতন করে তুলবে।


