আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুনায়েদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ‘মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬’ প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে ৬৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলার শিমুলিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। জুনায়েদ ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জুনায়েদ ভূঁইয়া মোহনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ওমর ফারুক।
শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ বায়তুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট ব্যক্তি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মুখলেছুর রহমান ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান (মাসুদ), সাবেক ছাত্রনেতা মো. মজিবুর রহমান, মো. মাজহারুল হক উজ্জ্বলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, গত ২৫ জুলাই জুনায়েদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ‘মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের পাঁচটি মাদ্রাসা ও চারটি মাধ্যমিক বিদ্যালয়সহ মোট নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৫০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।
পরীক্ষায় মেধার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—এই তিনটি ক্যাটাগরিতে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৬ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে মোট ১ লাখ ২২ হাজার টাকা এবং ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরিতেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখে।
পরে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা, ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেন। অনুষ্ঠানে পাকুন্দিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


