আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বিএনপি সরকারের প্রথম এবং ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আনন্দ ও অভিনন্দন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। এ সময় তিনি জাতীয় বাজেটকে জনকল্যাণমুখী, উন্নয়নবান্ধব ও অর্থনৈতিক অগ্রগতির সহায়ক হিসেবে উল্লেখ করেন।
এছাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, ঘোষিত বাজেট দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
![]()

