ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

‘মেধাবীদের স্বীকৃতি দিন, তবেই সৃষ্টি হবে নতুন অনুপ্রেরণা’-সারওয়ার আলম

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

[পাকুন্দিয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত]

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে পাকুন্দিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

পাকুন্দিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। প্রধান মেহমান ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. সারওয়ার আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. আরিফুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবেদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা মো. আশরাফী এবং পাঠ্যপুস্তক বিক্রেতা সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম।

প্রধান মেহমান মো. সারওয়ার আলম বলেন, “এটি আমার নিজের জন্মস্থান। এখানে আমি অতিথি নই, আপনজন হিসেবে এসেছি। কৃতি শিক্ষার্থীদের সম্মানিত করার এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে তাদের ছবি দিয়ে বড় বিলবোর্ড প্রদর্শন করা হলে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অধ্যবসায়, সততা ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাই পারে একটি জাতিকে এগিয়ে নিতে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, “আমি ও সারওয়ার আলম একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। আমি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েও বৃত্তি পাইনি, কিন্তু সারওয়ার বৃত্তি অর্জন করেছিল। আজ সে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সফল কর্মকর্তা। তোমরাও তার মতো মেধাবী, সৎ ও আদর্শবান মানুষ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবে।”

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিরা। শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আব্দুল আহাদ বাচ্চু কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সভাপতি মোহাম্মদ সাইদুজ্জামানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।