শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইনফিনিটি রিচম্যান ও লুবনান গ্রুপের চেয়ারম্যান এবং রাজাপুর ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ জুনাইদ মঙ্গলবার (২৬ আগস্ট) মাদ্রাসা পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি মাদ্রাসার শিক্ষকবৃন্দের সঙ্গে এক বৈঠকে মিলিত হন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
মোহাম্মদ জুনাইদ, যিনি লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। তাঁর পিতা, প্রখ্যাত আলেম আলহাজ্ব মাওলানা আফতাব উদ্দিন ঐতিহ্যবাহী রাজাপুর ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওই মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মোহাম্মদ জুনাইদ প্রতিষ্ঠানটির সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আজকের বৈঠকে মাদ্রাসার অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মোহাম্মদ জুনাইদ শিক্ষকদের সঙ্গে মাদ্রাসার বর্তমান শিক্ষাব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং শিক্ষার্থীদের সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার মানোন্নয়নে কোনো প্রকার আপস করা চলবে না।”
তিনি আরও বলেন, “মাদ্রাসার শিক্ষার্থীরা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেলে ধরতে পারে, সেজন্য তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।” এ সময় তিনি মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দেন।
শিক্ষকগণ মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলে সভাপতি মোহম্মদ জুনাইদ মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে গভর্নিং বডির পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এছাড়া দুপুর ২ ঘটিকায় মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। তিনি মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট এর চেয়ারম্যান হিসাবে দায়িত্বে রয়েছেন। ট্রাস্টের কোষাধ্যক্ষ ও আফতাব উদ্দিন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুছ ছাত্তার সাহেবের সভাপতিত্বে, ট্রাস্টের কো-অর্ডিনেটর মাওলানা তারিক জামিল এর সঞ্চালনায় এসময় ট্রাস্টের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


